হাটহাজারীতে কালভার্টের মুখ ভরাট, কৃত্রিম বন্যার শঙ্কায় এলাকাবাসী

সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৬:১৮ পিএম
হাটহাজারীতে কালভার্টের মুখ ভরাট, কৃত্রিম বন্যার শঙ্কায় এলাকাবাসী

চট্টগ্রামের হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের দুই পাশে জায়গা দখলের মহোৎসব শুরু হয়েছে। মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় একটি গুরুত্বপূর্ণ কালভার্টের উত্তর পাশের মুখ ইটের দেওয়াল তুলে ও মাটি দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এর ফলে ওই এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে, যা বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার অশনিসংকেত দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চারা বটতল এলাকার ছোট ভাঞ্জন ব্রিজ সংলগ্ন কালভার্টটি মাটি দিয়ে ভরাট করে সেখানে স্থায়ী দেওয়াল নির্মাণ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা শুরু হলে এই পথ দিয়ে পানি নামতে না পারলে ফসলি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে। জনগুরুত্বপূর্ণ এই কালভার্টটি ব্যক্তি স্বার্থে বন্ধ করে দেওয়ায় মেখল ইউনিয়নের বিশাল একটি অংশ চরম দুর্ভোগের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তথ্য সংগ্রহ করতে গিয়ে ওই এলাকায় সংবাদকর্মীরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে গেলে প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা বাধা প্রদান করেন। এ সময় শাহাবুদ্দিন নামে এক যুবক নিজেকে মালিকের ভাই পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে অপেশাদার ও মারমুখী আচরণ করেন। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে হুমকি প্রদান করা হয়, যা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে পরিমাপ করা হয়েছে এবং কালভার্টে প্রতিবন্ধকতা সৃষ্টির সত্যতা পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে মাটি ও দেওয়াল অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর