সাংস্কৃতিক মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে রাজশাহীতে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫০ সালের ৯ এপ্রিল ভারতের তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের হাত ধরে এই সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার আইসিসিআর-এর দীর্ঘ পথচলা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুপ্রতিম সম্পর্ক এবং সাংস্কৃতিক মেলবন্ধনে আইসিসিআর সেতুবন্ধন হিসেবে কাজ করছে। দুই দেশের কৃষ্টি ও সংস্কৃতির এই বিনিময় পারস্পরিক সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন। অতিথিরা দুই দেশের অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং সাংস্কৃতিক এই আয়োজনের প্রশংসা করেন।
আলোচনা পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দুই দেশের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজশাহীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে আইসিসিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন