কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্নহত্যা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৩:০৬ পিএম
কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্নহত্যা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সালমা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জয়কা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা ওই গ্রামের মন্টি মিয়ার স্ত্রী এবং সান্দিকোনা ইউনিয়নের দূরচাপুর গ্রামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সালমা আক্তার গত বছর এসএসসি পাস করেছিলেন। তাঁর স্বামী মন্টি মিয়া কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। স্বামী কর্মস্থলে থাকায় বাড়িতে একাই ছিলেন সালমা। সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সাথে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেএইচআর