সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, নিহত সালেহ আহমেদ জয়ধর উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে খাসিয়াদের ছররা গুলিতে তাঁর মৃত্যু হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ গত বৃহস্পতিবার রাতে মাদকের চালান আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাঁরা সীমান্তবর্তী চংকেট ও মারকান এলাকার একটি সুপারি বাগানে অবস্থান নিলে স্থানীয় খাসিয়ারা তাঁদের চোর সন্দেহে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।
নিহতের সাথে থাকা অপর দুই সহযোগী সুমনের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি আরও জানায়, নিহত যুবকসহ ওই তিনজনের বিরুদ্ধে এর আগেও চোরাচালানে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এই ঘটনার পর সীমান্তে বিজিবির পক্ষ থেকে সতর্কতা বাড়ানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতের পরিবার ও এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন