রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:১৩ পিএম
রাজশাহীতে তুচ্ছ ঘটনায় ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলম আলী (৩৫) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকার পাঠক ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। নিহত আলম আলী ওই গ্রামের মো. আশরাফের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মজিবর রহমান একটি চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দিয়েছিলেন। ভ্যানচালক আলম কিছুটা সামনে গিয়ে ভ্যান থামালে মজিবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মজিবর একটি ইট দিয়ে আলমের মাথার পেছনে একাধিকবার আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত মজিবর রহমানকে একটি ক্লাবে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করতে গেলে জনতা গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের এএসআই বেলালউদ্দিনসহ দুই সদস্য সামান্য আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের হোসেন খাঁন জানান, এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জেএইচআর