উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৮:৫৭ পিএম
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি মিয়ানমার অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এতে তাঁর ডান পা-ও গুরুতর জখম হয়েছে।

আহত যুবকের নাম মো. সাদেক। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৩ ব্লকের বাসিন্দা বশির আহমেদের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপি এলাকার নারিকেল বাগান নামক স্থানে বিস্ফোরণটি ঘটে, যা শূন্যরেখা থেকে মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সাদেকসহ কয়েকজন সীমান্ত পার হয়ে মিয়ানমারের ভেতরে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে মাটিতে পুঁতে রাখা মাইনের ওপর তাঁর পা পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে মাছ শিকার শেষে ফেরার সময় এই বিস্ফোরণ ঘটে। সীমান্তে এ ধরনের মাইন বিস্ফোরণ স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে নতুন করে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করেছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর