সখীপুরে সড়কের পাশের ঝোপঝাড় থেকে জীবিত নবজাতক উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:১৭ পিএম
সখীপুরে সড়কের পাশের ঝোপঝাড় থেকে জীবিত নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বারোমন্ডলীয়া এলাকায় শিশুটিকে দেখতে পান স্থানীয় এক মুসল্লি।

প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম জানান, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। রাস্তার পাশের ঝোপঝাড়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। তিনি আরও বলেন, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। দীর্ঘ সময় বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়।

উদ্ধারের পর শিশুটিকে দ্রুত সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর