কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নুর আমিন (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর আমিন উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে। তাঁর চার সন্তান ও স্ত্রী রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুড়িগ্রাম থেকে উলিপুরে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম জানান, জরুরি বিভাগে আহতদের আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নুর আমিন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন