রাঙামাটির বাঘাইছড়িতে চাকমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এই উপহার তুলে দেন।
উৎসব উপলক্ষে জোন কমান্ডার বাঘাইছড়ি উপজেলার তুলাবন বনবিহার, জীপতলী বনবিহার, জীবঙ্গাছড়া বনবিহার ও মধ্যম বাঘাইছড়ি বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেখানে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান। পরবর্তীতে মারিশ্যা জোনের পক্ষ থেকে মোট ৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপহার বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি আমরা সবাই বাংলাদেশি এই চেতনাকে সামনে রেখে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব উদযাপন করা একটি সুন্দর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে থাকলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবি’র এমন মানবিক ও উৎসবমুখর উদ্যোগে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন