মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:৫৫ পিএম
মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য চালকসহ অন্তত ২৫ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি মেলকাই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে বাসটি ভস্মীভূত হওয়ার আগেই অধিকাংশ যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তবে হুড়োহুড়ি করে নামার সময় এক যাত্রী লাফ দিলে তিনি বাসের চাকার নিচে পড়ে যান এবং অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক কামরুল ইসলাম বলেন, ‘পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত গাড়িটি রাস্তার পাশে থামান। যাত্রীরা দ্রুত নামতে শুরু করেন এবং এর পরপরই আগুন বাসের ভেতরে-বাইরে ছড়িয়ে পড়ে।’

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাসটি পুড়ে গেছে এবং চাকার নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বাসটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সাথে সাথেই তাঁরা নেমে যেতে পারলেও একজনের প্রাণহানি ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেএইচআর