শাহরাস্তিতে লাইসেন্সহীন ও অধিক মূল্যে তেল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৩১ পিএম
শাহরাস্তিতে লাইসেন্সহীন ও অধিক মূল্যে তেল বিক্রি, ব্যবসায়ীর জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্স না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বেরনাইয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, শাহরাস্তির বেরনাইয়া বাজারে তদারকিকালে দেখা যায়, আব্দুস সোবহান নামে এক জ্বালানি ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন এবং দোকানে কোনো মূল্য তালিকাও টাঙানো ছিল না।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান চলাকালে পার্শ্ববর্তী একটি কাপড়ের দোকানে লুকিয়ে রাখা আনুমানিক ১৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত তেল সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন। অভিযানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং খিলা ফাঁড়ি পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তা।

জেএইচআর