ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রহমতগঞ্জ মাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর ফলে ওই এলাকার অন্তত ৩০০টি পরিবার বিদ্যুৎহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছে। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মাজার সংলগ্ন এলাকায় স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার খুঁটি থেকে নামিয়ে খুলে নিয়ে যায়। ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ ও তামা চুরির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা খুঁটির নিচে ট্রান্সফরমারের খোলস পড়ে থাকতে দেখে বিষয়টি টের পান।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘরবাড়ি ও দোকানপাটে স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার পাশাপাশি পানির পাম্প চালাতে না পারায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে।
বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা রবিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান সড়কের পাশ থেকে এভাবে ট্রান্সফরমার চুরি হওয়া খুবই উদ্বেগজনক।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের আবাসিক ও উপ-বিভাগীয় প্রকৌশলী হামজা ইমাম জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ধরনের চুরি ঠেকাতে পুলিশি টহল জোরদার এবং স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই চুরির চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন