চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে জীবননগর ফিলিং স্টেশনে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ তৈরি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করায় দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মো. সিফাত হোসেন নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সিফাত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এছাড়া একই আইনে আরও চারজন- মো. সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, মোহাম্মদ ইয়াসিন আলী এবং মো. মোশারফ হোসেনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোহাম্মদ শাহিন উদ্দিন নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে ওই যুবকের অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিএম তারিকুজ্জামান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান জেলায় অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন