মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:১৪ পিএম
মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০

টাঙ্গাইলের মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বর্তমানে একই উপসর্গ নিয়ে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

নিহত আরিশফা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের আরমান হোসেনের মেয়ে।

গত ২৯ মার্চ ঠান্ডা ও জ্বর নিয়ে আরিশফাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। রোববার সন্ধ্যার দিকে শিশুটি হঠাৎ নিস্তেজ হয়ে পড়লে রাত ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিশফার অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আলী আহসান জানান, প্রাথমিকভাবে হামের উপসর্গ মনে হওয়ায় আরিশফার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২০ শিশু চিকিৎসাধীন আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে।

জেএইচআর