মির্জাপুরে কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, আটক ১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৯:২৬ পিএম
মির্জাপুরে কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, আটক ১

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাচীন কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জামুর্কী গ্রামের ডাকঘরের পাশে অবস্থিত বারোয়ারী কালীমন্দিরে রাতের অন্ধকারে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা মন্দিরে থাকা সবকটি প্রতিমা ভাঙচুর করে। সোমবার সকালে পূজারীরা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয়রা ওই এলাকার কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইসমাইলকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা দিলিপ কুমার সাহা আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বারোয়ারি মন্দিরে শান্তিপূর্ণভাবে পূজা করে আসছি। কখনো নিরাপত্তার অভাব বোধ করিনি। এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্দির ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জেএইচআর