নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহ্যবাহী ‘পান্তা ভোজন’-এর মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সর্বস্তরের মানুষ রঙিন পোশাকে অংশ নেন।
শোভাযাত্রা শেষে স্কুল মাঠে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীদের সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু। পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক। কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে আমাদের নিজস্ব শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে।
উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে। সব মিলিয়ে কেন্দুয়ায় দিনটি ছিল উৎসবমুখর ও আনন্দময়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন