দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

শহিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০২:২৪ পিএম
দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাব্বির কোনো বৈধ অনুমোদন ছাড়াই ১২০ লিটার ডিজেল মজুতের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে এবং তাকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হক। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে তিনি সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হক জানান, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট রোধ এবং মজুতদারি বা এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জেএইচআর