দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর পুনরায় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা।
বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় এই পরীক্ষার সময়সূচি অনুমোদনের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিস্তারিত সূচি প্রকাশ করে।
নবাবগঞ্জ উপজেলার পরীক্ষাগুলো দুটি প্রধান কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে; কেন্দ্র দুটি হলো নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুমা আক্তার জানান, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৩ জন অনুপস্থিত ছিল, যার মধ্যে ৩৭ জন বালক ও ৬৬ জন বালিকা।
অন্যদিকে, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন অনুপস্থিত ছিল। এই কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বালকের সংখ্যা ৬১ এবং বালিকা ৮৩ জন। উপজেলার দুটি কেন্দ্রেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান কেন্দ্র পরিদর্শন শেষে জানান, নবাবগঞ্জ উপজেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষার দুটি কেন্দ্রেই অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। দীর্ঘ সময় পর এই পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন