পলাশবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০২:০৮ পিএম
পলাশবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদককারবারি গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে এসআই এন্টারপ্রাইজ নামক একটি বাসে তল্লাশি চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল এসকাফসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে এফএসএম সরকার ম্যানসনের সামনে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ঢাকাগামী এসআই এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালিয়ে মো. মহসিন (৪০) নামে এক যাত্রীর ব্যাগ থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার মহসিন চট্টগ্রাম জেলার চান্দগাঁও উপজেলার বহদ্দারহাট এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জেএইচআর