৬২ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে ঈশ্বরগঞ্জে বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:১৭ পিএম
৬২ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে ঈশ্বরগঞ্জে বৃত্তি পরীক্ষা সম্পন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হওয়া এ পরীক্ষায় মোট ১ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬২২ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৬২ শতাংশ। অনুপস্থিত ছিল ৪০২ জন শিক্ষার্থী।

উপজেলার বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চরনিখলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ২৫৩ জন বালক ও ৩৬৯ জন বালিকা ছিল।

গত ১৬ এপ্রিল পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্র পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। তিনি পরীক্ষার সুষ্ঠু আয়োজন ও পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন বিশ্বাস এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান পুরো সময়জুড়ে কেন্দ্রগুলোর তদারকি করেন।

উপস্থিতির হার তুলনামূলক কম হওয়ার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ বলেন, শ্রেণি পরিবর্তন, পরিবারের স্থানান্তর এবং প্রস্তুতির ঘাটতিসহ কয়েকটি বাস্তব কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

তিনি আরও বলেন, অনুপস্থিতি বেশি মনে হলেও সামগ্রিকভাবে আমরা সন্তোষজনক অবস্থানে আছি বলে আশা করছি।

এএন