কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৪:৩৫ পিএম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জন চোরাচালানকারীকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগল হোসেনের পুত্র রিপন মিয়া (২৮)।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল ও একটি মোটরসাইকেল। এসব মালামালের মোট মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালান পণ্যসহ দুই আসামিকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এএন