ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:২৪ পিএম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ভেড়ামারা উপজেলায় ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২৪ হাজার ৬৯২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

সোমবার সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমটির শুভ উদ্বোধন করা হয়।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একরামুল হক এবং ডা. লতিফুল কবির।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনগুলোতে পর্যায়ক্রমে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। শিশুদের সুস্থ রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক লিমনসহ সিনিয়র স্টাফ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চিকিৎসকরা সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এএন