টুঙ্গিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৪:৫৩ পিএম
টুঙ্গিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ৬০ লিটার ডিজেল।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচকানিয়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। অভিযানে ইজাম্মেল শেখ নামে এক দোকানির কাছে অনুমতি ছাড়া ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল সংরক্ষণ করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া প্রায় ৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

অভিযানকালে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

ইউএনও জহিরুল আলম বলেন, “সরকারি আইন অমান্য করে জ্বালানি মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

এএন