কুড়িগ্রামে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৫:৪১ পিএম
কুড়িগ্রামে পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ
সংগৃহীত ছবি

কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য এসএসসি সমমান পরীক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের অতিরিক্ত গরমে স্বস্তি দিতে ও অসুস্থতা এড়াতে সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।

প্রচণ্ড গরমে পৌর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান- কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সামনে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বসার চেয়ার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও চকলেট দিয়ে সহায়তা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম পৌর শহরের ৪টি পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম বিপুল, অর্ঘ্য দীপ সাহা (দপ্তর সম্পাদক), জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, সরকারি কলেজ ছাত্রদলের নেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অভিভাবকরা বলেন, “আমাদের ছেলে-মেয়েরা পরীক্ষা দিচ্ছে। আজ খুবই গরম পড়েছে, আমরা অভিভাবকরা বাইরে খুব চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের পানি, স্যালাইন ও চকলেট দিচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।” অভিভাবকরা তাদের সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

এএন