আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ডুয়েটের বড় সাফল্য

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:৫৪ পিএম
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ডুয়েটের বড় সাফল্য

গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অসাধারণ সাফল্য দেখিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। স্পেনভিত্তিক আন্তর্জাতিক রেটিং সংস্থা ‘সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং (এসআইআর)’ প্রকাশিত ২০২৬ সালের তালিকায় বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। 

একইসঙ্গে দেশের সরকারি-বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে ১১তম অবস্থানে উঠে এসেছে ডুয়েট।

ডুয়েটের এই গৌরবোজ্জ্বল অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, সিমাগো র‍্যাঙ্কিংয়ের এই স্বীকৃতি দীর্ঘদিনের একাডেমিক সাধনা, গবেষণায় নিবেদন এবং উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রকাশনাকে অগ্রাধিকার দিয়ে একটি সুসংগঠিত রোডম্যাপ নিয়ে কাজ করছে।

উপাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নয়, বরং জ্ঞানচর্চা ও উদ্ভাবনের একটি টেকসই সংস্কৃতি গড়ে তোলা। এ লক্ষ্যে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানো এবং গবেষণা সুবিধা সম্প্রসারণের উদ্যোগ জোরদার করা হয়েছে। তিনি ডুয়েটকে একটি বিশ্বমানের শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বছরের সিমাগো র‍্যাঙ্কিং তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ থেকে মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব- এই তিনটি প্রধান সূচকের ভিত্তিতে এই আন্তর্জাতিক সংস্থাটি প্রতি বছর তালিকা প্রকাশ করে থাকে। প্রতিটি সূচকে পৃথকভাবে পারফরম্যান্স মূল্যায়ন করে সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়।

জেএইচআর