নাটোরের গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. ওমর ফারুক।
সে বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ওমর ফারুকের কাছ থেকে হাতে লেখা নকল উদ্ধার করা হয়। পরীক্ষার নীতিমালা অনুযায়ী অসদুপায় অবলম্বনের দায়ে তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব লিপি রানী সরকার বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এই বহিষ্কারাদেশ পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই দেওয়া হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ পাবলিক পরীক্ষার মান ও স্বচ্ছতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন