নাটোরের গুরুদাসপুরে লিচু বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী জয়গন বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমজান আলী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে পাশের একটি লিচু বাগানে সেচ পাম্পে সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সমজান আলীর মৃত্যু হয়।
গুরুতর আহত জয়গন বেগমকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, জয়গন বেগম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিচু চাষের ভরা মৌসুমে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন