ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর-রাধিকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ছাত্রদলের দুই কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নারুই এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬) এবং শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২)। আহতদের মধ্যে ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নারুই ব্রিজের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের দুইজন এবং অন্যটির তিনজন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. সিফাত জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতরা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন এবং আহত ইয়াছিন দলের একজন একনিষ্ঠ নেতা। তাঁদের এই অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন