বিদ্যুৎ না থাকায় গরমে থানার ভেতরেই অজ্ঞান ৩ পুলিশ সদস্য

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:২৬ পিএম
বিদ্যুৎ না থাকায় গরমে থানার ভেতরেই অজ্ঞান ৩ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা লোডশেডিং ও তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন সেই দুর্ভোগের আঁচ পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে সরাইল থানার ভেতরেই অচেতন হয়ে পড়েছেন তিন পুলিশ সদস্য।

শুক্রবার রাতের এই ঘটনায় থানার পরিবেশে চরম অস্বস্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত থানায় বিদ্যুৎ ছিল না। দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় ভ্যাপসা গরমে ডিউটি পালন করতে গিয়ে একপর্যায়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারত বলে জানানো হয়।

অসুস্থ এক পুলিশ সদস্য বাবুল হোসেন বলেন, “বিদ্যুৎ না থাকায় খুব গরম ছিল। কখন যে অচেতন হয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরে সহকর্মীরা পানি দিয়ে হাসপাতালে নিয়ে যায়।”

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সরাইলের অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত লোডশেডিং চলছে। দিনে-রাতে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, “তিন পুলিশ সদস্য গরমে অচেতন হয়ে পড়েছিল, বিষয়টি সত্য। এখন তারা সুস্থ আছেন। এই তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে এমন পরিস্থিতি হওয়া স্বাভাবিক।”

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।

টানা বিদ্যুৎ সংকট ও তাপদাহে সরাইলজুড়ে এখন এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাব পড়ছে নিরাপত্তা সেবা ও জনজীবনের স্বাভাবিক কার্যক্রমেও।

এএন