টাঙ্গাইলে ১২২টি প্রতিষ্ঠানে ২৯ লক্ষাধিক টাকার চেক বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:১৪ পিএম
টাঙ্গাইলে ১২২টি প্রতিষ্ঠানে ২৯ লক্ষাধিক টাকার চেক বিতরণ

টাঙ্গাইলে জেলা পরিষদের পক্ষ থেকে ২৯ লক্ষ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান ও প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা পরিষদের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ১২২টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে ২০ হাজার টাকা করে মোট ২৪ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া ২১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ব্যক্তিগত অনুদান হিসেবে ৪ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের এই উদ্যোগ স্থানীয় সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি বলেন, জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন প্রকল্পের পাশাপাশি এ ধরনের অনুদান সামাজিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে।

চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন এবং জেলা পরিষদের হিসাবরক্ষক এস এম তারিকুল হাসানাত। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর