চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরের পাশের একটি আমড়া গাছ থেকে আলাল উদ্দিন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন ওই গ্রামের হারিছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আলাল উদ্দিন স্বাভাবিকভাবে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের আমড়া গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, পরিবারের দাবি অনুযায়ী আলাল উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আত্মহত্যার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন