সাতকানিয়ায় মুখোশধারীদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৬:৫৭ পিএম
সাতকানিয়ায় মুখোশধারীদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় মো. শাহাদাত (৩০) নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। 

সোমবার ভোরে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শাহাদাত উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের ছেলে এবং চার সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান, শাহাদাত নিজের চায়ের দোকানে বসে কাজ করছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে আসা ১৫ সদস্যের একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহাদাতের মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আজ তার মৃত্যু হয়।

নিহতের ভাই মোবারক হোসেন অভিযোগ করেন, কয়েক মাস আগে যৌথ বাহিনীর অভিযানে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ধরা পড়ে। মাদক ব্যবসায়ীদের ধারণা ছিল শাহাদাতই তাদের ধরিয়ে দিয়েছে। সেই সন্দেহ ও পুরনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে তাদের দাবি। উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন শাহাদাতকে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেএইচআর