বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, কঠিন শাস্তির ব্যবস্থা না থাকলে সমাজে মাদক বেড়ে যাবে। মুখে মুখে শুধু মাদক দূর করার কথা বললেই হবে না, এর জন্য কঠোর আইনি শাস্তি নিশ্চিত করতে হবে। আইনগত শাস্তির ভয় না থাকলে মানুষ অপরাধ থেকে দূরে থাকে না।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে আইনজীবীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা আইনি সহায়তা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আইনজীবীরা তাঁদের সহকর্মীদের রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, "ফলো ফ্লিন" পরিহার করে প্রকৃত সেবা প্রদানের মানসিকতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
তিনি আরও বলেন, কোনো নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং মিথ্যা মামলা দিয়ে কাউকে যেন কষ্ট দেওয়া না হয়, সেদিকে বিচারক ও আইনজীবীদের সজাগ থাকতে হবে।
মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এস.কে. এম. তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন এবং জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহার। এর আগে মন্ত্রী আদালত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন