ঝালকাঠিতে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান, গানে গানে সামাজিক বার্তা

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:২৮ পিএম
ঝালকাঠিতে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান, গানে গানে সামাজিক বার্তা

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও সামাজিক বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে দুই দিনব্যাপী উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশনায় এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

সোমবার বিকেলে ঝালকাঠি শহরের কিস্তাকাঠি আবাসন এলাকায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। পরে সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আরও দুটি আয়োজনসহ মোট চারটি স্থানে এই সচেতনতামূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত শাখার উপপরিচালক মো. জাকিউল হাইয়ের নেতৃত্বে একদল কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। গানের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার গুরুত্ব, সামাজিক সম্প্রীতি ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বার্তা জনগণের মাঝে তুলে ধরা হয়। দেশাত্মবোধক ও প্রেরণাদায়ী গানগুলো স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন, জনগণকে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে সচেতন করতে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীরা দেশের বিভিন্ন জেলায় এই ধরনের অনুষ্ঠান করছেন। সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর