চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলোচিত ৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অবশেষে তাদের হারানো দায়িত্ব ফিরে পাচ্ছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তাদের স্বপদে পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
পুনর্বহাল হতে যাওয়া চেয়ারম্যানরা হলেন-ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস, চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার এবং খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লাল।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগে ২০২৪ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের এক আদেশে তাদের সাময়িকভাবে অপসারণ করে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সে সময় ডাউকি ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, খাদিমপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিৎলায় পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং খাসকররায় আইসিটি কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে চার চেয়ারম্যান পৃথকভাবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন (নং ১৮২৬২/২০২৫, ১৮২৬১/২০২৫, ১৮২৬০/২০২৫ এবং ২৬৮৯/২০২৬)। দীর্ঘ শুনানি শেষে ২০২৬ সালের ১২ মার্চ আদালত জেলা প্রশাসকের ওই আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে দ্রুত চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউএনওদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুনর্বহালের নির্দেশ দেন।
এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট চারটি ইউনিয়নের স্থগিত উন্নয়ন কার্যক্রম পুনরায় সচল হবে এবং নাগরিক সেবায় গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন