পিরোজপুরের জিয়ানগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ভুয়া হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড এবং চিকিৎসকের সহযোগীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক এম. এ. আকবর ও তার সহযোগী রতন কুমার শীলকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শমসের আলীর পুত্র এম. এ. আকবর (৩৭) এবং জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের ভুবন চন্দ্র শীলের পুত্র রতন কুমার শীল (৪০) দীর্ঘদিন ধরে মানুষকে প্রতারিত করে আসছিলেন। তারা জিয়ানগর সরকারি কলেজ মোড় ও চাড়াখালী চৌরাস্তার মাঝামাঝি এলাকায় একটি চারতলা ভবনের কক্ষ ভাড়া নিয়ে অপচিকিৎসা দিচ্ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি ভুল ওষুধ সেবন করাতেন তারা।
অভিযানকালে অনুমোদনহীন হোমিও ওষুধ প্রদান, জালিয়াতি এবং মানুষের স্বাস্থ্যহানির বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া সহযোগী রতন কুমার শীল গ্রামের সহজ-সরল মানুষকে ‘গ্রিন কার্ডে’ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ সংগ্রহের প্রমাণও পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ওই চক্রটি চিকিৎসক পদবি ব্যবহার করে টিউমার, ক্যানসার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ট ব্লক, কিডনি ও পিত্তথলির পাথরসহ জটিল রোগের চিকিৎসা দেওয়ার ভান করতো। এছাড়া ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নাম ব্যবহার করে কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার নামক ডিভাইসের মাধ্যমে ভুয়া রিপোর্ট তৈরি করে রোগীদের প্রতারিত করছিল এবং এই যন্ত্রপাতি জব্দ করা হয়।
আসামিরা অপরাধ স্বীকার করায় এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রতন কুমার শীলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অভিযান চলাকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পারভীন, জিয়ানগর থানার একটি দল এবং স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন