লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৭:০২ পিএম
লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

লালমনিরহাটে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানসহ দুইজনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজা পাওয়া আসামিরা হলেন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন আহমেদ কবির এবং তাঁর সহযোগী সেকেন্দার আলী (৪৫)।

আদালত সূত্র জানায়, কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার পরপরই কড়া পুলিশি পাহারায় আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভুট্টার আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থল থেকেই হুমায়ুন আহমেদ কবির ও তাঁর সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়। ওই দিনই লালমনিরহাট সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, “দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের উপযুক্ত শাস্তি হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

জেএইচআর