পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা।
এছাড়াও সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানোর বিষয়েও একমত পোষণ করেন উপস্থিত সকলে।
আসন্ন বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জননিরাপত্তা রক্ষায় কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও সভায় সতর্ক করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন