যশোরে ফুল দেওয়া সেই শিশুর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

এম এ রহমান, যশোর প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০২:০৩ পিএম
যশোরে ফুল দেওয়া সেই শিশুর বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

যশোরে সফরের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাস বয়সী শিশু আন নাসর ও তার পরিবারকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হলের সামনে শিশুটির বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী দিনব্যাপী সফরে যশোর যান। দুপুরে তিনি যখন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাচ্ছিলেন, তখন শিশু আন নাসরকে নিয়ে তার মা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ফুল হাতে শিশুটিকে দেখে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে তাদের কাছে যান, তাদের সঙ্গে ছবি তোলেন এবং বেশ কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এই উপহার সামগ্রী নিয়ে আজ শিশুটির বাড়িতে হাজির হন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা। সংগঠনের সদস্য সচিব মোকসেদুল মোমিন মিথুন শিশু আন নাসর ও তার বাবা-মায়ের হাতে এই উপহার তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শিশুটির বাবা সাজেদুর রহমান ও মা আফরোজা খানম। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী যশোর থেকে ফিরে যাওয়ার পরও তাঁদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহার পাঠিয়েছেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রাপ্তিকে তাঁরা জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের দীর্ঘায়ু কামনা করেন।

জেএইচআর