গাজীপুর জেলা প্রশাসক

আপনারা একা নন, সরকার আপনাদের পাশে আছে

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:১৮ পিএম
আপনারা একা নন, সরকার আপনাদের পাশে আছে

গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এক বিশেষ পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার টঙ্গীর ‘মৈত্রী শিল্প’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৯ জনকে কৃত্রিম পা, ৬ জনকে সাদাছড়ি এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন প্রতিবন্ধীকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নিয়োগপত্র পাওয়া প্রতিবন্ধীদের আগে মৈত্রী শিল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষ ও কর্মোপযোগী করে গড়ে তোলা হয়েছে। সমাজকল্যাণ সচিব ড. মো. আবু ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের দক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যতে বিনামূল্যে সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন।

তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করে সরকারি সকল সুযোগ-সুবিধা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা তাঁদের বিভিন্ন দাবি ও অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কাছে তুলে ধরার সুযোগ পান।

জেএইচআর