বুড়িচংয়ে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ময়নালের মৃত্যুদণ্ড

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং (কুমিল্লা) প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:৩৮ পিএম
বুড়িচংয়ে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে ময়নালের মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার শিশু সহিংসতা অপরাধদমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান এই রায় প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন প্রথম শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে মরদেহটি পলিথিনে পেঁচিয়ে স্থানীয় শাহ ইসরাইল কামেল মাদ্রাসার টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরদিন ২১ মে নিহতের মা পারভীন আক্তার নিখোঁজ ডায়েরি করলে তদন্ত শুরু হয় এবং ২২ মে মরদেহ উদ্ধারসহ আসামিদের আটক করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, দীর্ঘ ৬ বছর বিচারকাজ চলার পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন। এই মামলায় অপর এক আসামি নাবালক হওয়ায় তার বিচার বর্তমানে শিশু আদালতে চলমান রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন ময়নালসহ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন।

রায়ের পর নিহতের মা পারভীন আক্তার শারমিন সন্তোষ প্রকাশ করে বলেন, “ছয় বছর মেয়ের লাশ কাঁধে নিয়ে ঘোরার পর এই রায় পেলাম। আমি চাই এই রায় দ্রুত কার্যকর হোক”। দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

জেএইচআর