বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:৪৯ পিএম
বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ২৯ নং ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 

শুক্রবার ওই মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে এই অনুদানের চেক হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া এই মসজিদের সংস্কার ও উন্নয়নের জন্য রাসিকের পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। চেক হস্তান্তরের সময় প্রশাসক মসজিদের সার্বিক উন্নয়ন এবং মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মসজিদ, মাদ্রাসা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি দায়িত্ব পাওয়ার পর থেকে নাগরিক সেবা ও উন্নয়ন সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। বাইতুল মামুর জামে মসজিদকে আজ ৫ লাখ টাকা দেওয়া হলো এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ২৯ নং ওয়ার্ডের রাস্তা, ড্রেনসহ যে সকল উন্নয়ন কাজ বাকি রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, সুব্রত কুমার সরকার, এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা এসময় উপস্থিত ছিলেন।

জেএইচআর