কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৫৫ পিএম
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেচ্ছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার ভোররাতে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মহিবুর রহমান বাপ্পীকে (৩২) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত উর্মি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি স্বামী ও দুই সন্তানসহ আমিরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। গত রাত আনুমানিক ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেতে শোয়ানো অবস্থায় উর্মির মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে ঘরের ফ্যানের সঙ্গে একটি ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

নিহতের স্বামী বাপ্পী নিজেও একজন পুলিশ সদস্য, তবে তিনি বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছেন। বাপ্পীর দাবি, পারিবারিক কলহের জেরে উর্মি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে উর্মির পরিবারের পক্ষ থেকে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের দাবি, বাপ্পী প্রায়ই উর্মির ওপর নির্যাতন চালাতেন এবং তিনিই তাঁকে হত্যা করেছেন।

নিহত মেহেরুন্নেচ্ছা উর্মি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি চার বছর বয়সী মেয়ে ফারিস্তা ও দেড় বছর বয়সী ছেলে ফারদিনের জননী ছিলেন। দুই অবুঝ শিশুকে রেখে মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএইচআর