ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বিলুপ্ত সব ওয়ার্ড কমিটি

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৪:৫৯ পিএম
ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, বিলুপ্ত সব ওয়ার্ড কমিটি

ফেনী পৌর যুবদলের বর্তমান কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সাথে পৌরসভার অন্তর্গত সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য গোপন করে দলীয় পদ গ্রহণ করায় ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাজী এনামুল হক সুজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিতর্কিত কমিটি অনুমোদনের দায়ে পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ৩০ এপ্রিল ৪ নম্বর ওয়ার্ড যুবদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করায় দলে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর প্রতিবাদে ওই কমিটির ৮ জন সদস্যের মধ্যে ৬ জনই একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারী নেতারা হলেন- সিনিয়র সহ-সভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহ-সভাপতি মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল এবং দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।

উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন। শোকজ পাওয়া পৌর নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে বিতর্কিত সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর