ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচারের লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার এস.এম. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনহিতকর প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ পাওয়ার শর্তাবলি এবং এর সুফল সম্পর্কে উপস্থিত নারীদের অবহিত করেন তিনি।
সমাবেশে জানানো হয়, ফ্যামিলি কার্ডের জন্য অগ্রাধিকার পাবেন ভূমিহীন ও গৃহহীন পরিবার, দিনমজুর ও অসচ্ছল কৃষি শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ। এছাড়া বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার এবং নারী প্রধান পরিবারগুলোকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর্থিকভাবে অসচ্ছল ও অবিবাহিত মেয়ে রয়েছে এমন পরিবারগুলোও এই কার্ডের আওতায় আসবে।
সুবিধাভোগীদের জন্য জানানো হয়, নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে তাঁদের মোবাইল ওয়ালেটের মাধ্যমে নগদ ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। এর পাশাপাশি এই কার্ড ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা, শিক্ষা উপবৃত্তি এবং কৃষি ভর্তুকিও পর্যায়ক্রমে প্রদান করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকাবৃন্দ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন