হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা ও কালনী নদীর তীরবর্তী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনকারী চক্র। অভিযোগ উঠেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে শক্তিশালী ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ড্রেজার দিয়ে তোলা এই বালু স্টিল বোটে করে আজমিরীগঞ্জের বিভিন্ন পয়েন্টে এনে খালাস করা হচ্ছে। প্রভাবশালী এই চক্রের ভয়ে স্থানীয়রা সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, অব্যাহতভাবে বালু তোলার ফলে নদীর তীরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে আশপাশের বিস্তীর্ণ ফসলি জমি ও নদী রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। দ্রুত এই খনন বন্ধ করা না হলে কৃষিজমি বিলীন হওয়ার পাশাপাশি বাঁধ ভেঙে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এফ রেজাউল করিম জানান, বালু উত্তোলনের বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং খুব দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন