খাদ্য প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মেয়াদ প্রয়োজনে আরও বাড়বে

গোলাম কিবরিয়া, নেত্রকোণা প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৯:২০ পিএম
ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মেয়াদ প্রয়োজনে আরও বাড়বে

অব্যাহত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, অকাল বন্যায় হাওরাঞ্চল ও বিলের বোরো ধানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকারের বর্তমান তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে।

রবিবার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় পাবলিক হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, প্রান্তিক কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরাসরি তাদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ করা হবে। কৃষক যে পরিমাণ ধান দিতে চাইবে, সরকার তার পুরোটাই কিনবে। আদ্রতা বা ময়েশ্চারাইজার ঠিক নেই এমন অজুহাত দেখিয়ে কৃষকদের হয়রানি করা যাবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ধান সংগ্রহ অভিযানে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

খাদ্য প্রতিমন্ত্রী আরও বলেন, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণায় ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে সকল প্রাথমিক বিদ্যালয়ে একই রকম ড্রেস ও জুতা দেওয়ার সরকারি পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্ম সচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম এবং জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

জেএইচআর