রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে রাজস্থলীতে এক বিশেষ ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। তিনি তাঁর বক্তব্যে সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ এবং স্বাস্থ্যসেবাসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
তিনি আরও উল্লেখ করেন, একটি বৈষম্যহীন সমাজ ও দেশ গঠনে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে তিনি উপস্থিত নারীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, থানছি কলেজের প্রভাষক জীতন ত্রিপুরা এবং বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলি।
সমাবেশে রাজস্থলী বাজার এলাকার দুই শতাধিক নারী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন