চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন- মো. শামসুল আলম (৪২)। তিনি পটিয়া উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ জানিয়েছে, শামসুল আলমকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে পটিয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার বশির আহাম্মদের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিনকে সিআর (কোর্ট রিকুইজিশন) পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। একই সাথে জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদকেও তাঁর নিজ বাড়ি পূর্ব বাড়ৈকাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মো. হারুনের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন