নাছির চৌধুরী এমপি

দিরাই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:৩৩ পিএম
দিরাই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই

দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১২টায় উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নাছির চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার।

আলোচনা সভায় নাছির চৌধুরী বলেন, আমার স্বপ্ন ছিল হাওর অধ্যুষিত উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে তা করতে পারিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করেছেন, তাদের আশা-প্রত্যাশা অনেক। জীবনের শেষ প্রান্তে এসে তাদের কাঙ্ক্ষিত আশা-প্রত্যাশা পূরণ করতে সকলের সহযোগিতা পেলে দিরাই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাছির চৌধুরী বলেন, এই উপজেলার যত প্রকার প্রতিবন্ধকতা রয়েছে তা আমি মহান জাতীয় সংসদে উত্থাপন করবো। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসনের পাশে থাকবেন বলেও জানান তিনি।

বিভিন্ন দপ্তরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম সৌরভ, দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো: ইফতেখার হুসেন, দিরাই কৃষি অফিসার মনোরঞ্জন অধিকারী, দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রশান্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

তিনি সরকারি কর্মকর্তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, হাওর বেষ্টিত দিরাই উপজেলা হওয়া সত্ত্বেও হাওর ভাতা থেকে কেন বঞ্চিত হবেন? এ বিষয়ে আমি সংসদে তুলে ধরবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভা শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ১৩ পরিবারের মাঝে সরকারি ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এএন